বিপ্লব কুমার দাস, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর আরডি একাডেমি প্রাঙ্গণে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে আয়োজিত এক বিশাল সামাজিক সচেতনতামূলক সভায় শিক্ষার্থীদের মোবাইল আসক্তি এবং সন্ধ্যার পর বাইরে ঘোরাঘুরির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম, পিপিএম।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রযুক্তির অপব্যবহার কিশোর অপরাধের পথ প্রশস্ত করছে। কোনো শিক্ষার্থী যেন সন্ধ্যার পর অকারণে বাড়ির বাইরে অবস্থান না করে, সে বিষয়ে অভিভাবকদের কঠোর নজরদারি রাখতে হবে।”
পুলিশ সুপার তাঁর বক্তব্যে মাদক ব্যবসায়ী ও ইভটিজিংয়ে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। তিনি বলেন, একটি সুস্থ সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে হবে। বাল্যবিবাহ রোধে কেবল আইন নয়, সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
উন্মুক্ত আলোচনা পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি পুলিশ সুপারের কাছে তাদের যাতায়াতের পথে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।
দশম শ্রেণির শিক্ষার্থী সাদিকা বিনতে সাইদ অভিযোগ করেন, স্কুলে আসা-যাওয়ার পথে বখাটেরা প্রায়ই উত্ত্যক্ত করে। এছাড়া সাইলেন্সার পরিবর্তন করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোয় তারা সবসময় আতঙ্কে থাকেন।
নবম শ্রেণির শিক্ষার্থী তৌজাম আইভি এবং দশম শ্রেণির মো. আবিদ বিদ্যালয়ের সীমানা প্রাচীর সংস্কার ও স্কুল চলাকালীন পুলিশের নিয়মিত টহল জোরদারের দাবি জানান।
শিক্ষার্থীদের এসব অভিযোগ শুনে পুলিশ সুপার দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “ফরিদপুরের ঐতিহ্য রক্ষায় যুবসমাজকে মাদকমুক্ত রাখা জরুরি। পুলিশের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত পরিচালনা করা হচ্ছে।”
সভায় অন্যান্য উপস্থিতি
আরডি একাডেমির প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী জিয়া উদ্দিন মোল্যা হিরক, শাহান মুন্সী, অভিভাবক প্রতিনিধি শফিকুল ইসলাম এবং স্থানীয় মেম্বার শের আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এস আই তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠ করা হয়।
অভিভাবকরা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং এলাকাকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে প্রশাসনের সাথে একাত্মতা প্রকাশ করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved