
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ অষ্টমী স্নান উৎসবকে কেন্দ্র করে যানবাহনের অতিরিক্ত চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে মুন্সীগঞ্জের গজারিয়া অংশেও ছড়িয়ে পড়েছে এই যানজট।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে মহাসড়কে গাড়ির চাপ বেড়ে সাধারণ যাত্রীরা দীর্ঘ সময় যানজটে আটকে চরম দুর্ভোগে পড়েছেন।
সরেজমিনে দেখা যায়, জামালদী মেঘনা সেতু থেকে ভবেরচর পর্যন্ত ঢাকামুখী সড়কে গাড়ির লম্বা লাইন লক্ষ্য করা গেছে। বাস ও পণ্যবাহী গাড়ি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেদনটি লেখা পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে।
ঢাকাগামী যাত্রী তুষার হোসেন বলেন, জরুরি কাজে বের হয়ে ছিলাম।বালুয়াকান্দি পার হতে গিয়ে প্রায় এক ঘণ্টা আটকে থাকতে হয়েছে। যানজটের কারণে নির্ধারিত সময়ের অনেক পরে অফিসে পৌঁছাতে পারিনি।
ঢাকাগামী পণ্যবাহী ট্রাকের চালক বাঁধন হক বলেন, বিকল্প সড়ক ব্যবহার করার চেষ্টা করেছি, তবু খুব বেশি স্বস্তি মেলেনি। গাড়ির চাপ এত বেশি যে প্রায় স্থির অবস্থায় চলতে হচ্ছে।
দাউদকান্দি থেকে ঢাকাগামী বাসচালক রহিম মিয়া বলেন, সকালে পরিস্থিতি স্বাভাবিক ছিল। নয়টার দিকে গজারিয়া অংশে যানজট ছড়িয়ে পড়ে। মূলত লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার এক পাশ পুরোপুরি বন্ধ থাকায় ঢাকাগামী লেনে এই স্থবিরতার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসবের কারণে যানবাহনের চাপ বেড়ে গেছে। হাইওয়ে পুলিশ সড়কে দায়িত্ব পালন করছে এবং যানজট নিরসনের চেষ্টা চলছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved