
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী ও বাড়াদী ইউনিয়নের উদয়পুর ও কাটাভাঙ্গা গ্রামে আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। গত বুধবার (১৮ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে সংঘটিত এই দুর্যোগে একজন নিহত হন এবং প্রায় ৭০টি পরিবারের ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়।
ঘূর্ণিঝড়ে বসতঘরের পাশাপাশি মাঠের ফসল ও গাছপালারও ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।
দুর্যোগের পরপরই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। বৃহস্পতিবার সকাল থেকেই চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। এ সময় তিনি তাদের মাঝে তাৎক্ষণিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।
এছাড়াও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার আজ সকাল থেকেই ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শন করছেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে সহযোগিতা কার্যক্রম অব্যাহত রেখেছেন। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার কাজ চলমান রয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত পুনর্বাসন ও পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved