মো: সেলিম রানা, আন্তর্জাতিক (সৌদি আরব) রিপোর্টার: বাংলাদেশিদের একটি সংগঠন ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম মানবতার সংঘটন’ নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে ২০ দফা দাবি উত্থাপন করেছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের নানা সমস্যা ও জাতীয় বিভিন্ন ইস্যু এখনও সমাধান হয়নি। তাই নতুন সরকারের কাছে তারা কার্যকর ও বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সংগঠনটি তাদের বিবৃতিতে জানায়, মানবপাচারকারী ও দালাল চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, মাদকমুক্ত সমাজ গঠন, লাইসেন্সবিহীন হাসপাতাল ও প্রতিষ্ঠান বন্ধ, ভেজালমুক্ত পণ্য নিশ্চিতকরণ এবং বেকারত্ব দূরীকরণ জরুরি। পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা সহায়তা এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
তারা আরও দাবি করেন, দেশের সব মসজিদের ইমামদের বেতন বৃদ্ধি এবং বিনামূল্যে মক্তব শিক্ষা চালু করা, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ সম্প্রসারণ, ইউনিয়ন পর্যায়ে কৃষি প্রশিক্ষণ ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন, প্রবাসীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং বিমানবন্দর থেকে নিরাপদে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা প্রয়োজন।
এছাড়া লাইসেন্সবিহীন ইনস্যুরেন্স কোম্পানি ও অবৈধ আবাসিক হোটেল বন্ধ, রেলপথে দরিদ্রদের জন্য ভাড়া সহনীয় বা বিনামূল্যে করা, বিদেশ থেকে পাঠানো পণ্যের ওপর ভ্যাট কমানো, গার্মেন্টস শ্রমিক ও সকল চাকরিজীবীর বেতন বৃদ্ধি এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর নজরদারি জোরদারের কথাও উল্লেখ করা হয়।
সংগঠনটি আশা প্রকাশ করে, নতুন সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং বাংলাদেশ উন্নয়ন ও সুশাসনের নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved