এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-১১ (বন্দর-ইপিজেড-পতেঙ্গা-ডবলমুরিং) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত দাঁড়ি পাল্লার প্রতিকের প্রার্থী মোহাম্মদ শফিউল আলমের সমর্থনে এক বিশাল নারী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে বন্দরটিলা আলী শাহ মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইপিজেড মোড়ে গিয়ে শেষ হয়। এতে বন্দর-পতেঙ্গা এলাকার বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে আয়োজিত নারী সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম-১১ আসনের মহিলা পরিচালিকা সাহেদা মতিন। এতে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের মহিলা সেক্রেটারি ফরিদা খানম, নগর কর্মপরিষদ সদস্যা আয়েশা পারভিন, রাবেয়া বেগম ও রোকেয়া বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী মোহাম্মদ শফিউল আলম বলেন, “আজকের এই নারী সমাবেশ প্রমাণ করে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) এলাকার মা-বোনেরা আর নীরব দর্শক থাকতে চান না। তারা একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে রাজপথে নেমে এসেছেন। আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাকে নতুন সাহস ও প্রেরণা দিয়েছে।”
তিনি আরও বলেন, “নারীর সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত না হলে সমাজ কখনো এগোতে পারে না। নির্বাচিত হলে নারীদের বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য, সহিংসতা ও অবিচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।”
এ সময় বক্তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
মিছিলে অংশগ্রহণকারী নারীরা বলেন, ন্যায়বিচার, নিরাপত্তা ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় মোহাম্মদ শফিউল আলম একজন যোগ্য ও সৎ প্রার্থী। তার নেতৃত্বেই বন্দর-পতেঙ্গা এলাকার কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved