
অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত সংসদ সদস্য হাজী সেলিম বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে পারেন আজ। এদিন দুপুর ১২টার পর ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলামের আদালতে তার আত্মসমর্পণের কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হাজী সেলিমের ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন মাহমুদ বেলাল জানান, রোববার (২২ মে) দুপুরের পরে তিনি (হাজী সেলিম) কোর্টে আত্মসমর্পণের জন্য যেতে পারেন।
অবৈধ সম্পদ অর্জনের মামলায় গত ২৫ এপ্রিল হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল রাখেন হাইকোর্ট। এরপর তাকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশে হাজী সেলিম বিচারিক আদালতে আত্মসমপর্ণ করতে যাচ্ছেন।
প্রসঙ্গত, ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। সে মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল তাকে ১৩ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। এরপর ২০০৯ সালের ২৫ অক্টোবর হাজী সেলিম বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। পরে ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে হাজী সেলিমের সাজা বাতিল করেন।
পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি রায় বাতিল করে পুনরায় হাইকোর্টকে হাজী সেলিমের আপিলের শুনানি করতে নির্দেশ দেন আপিল বিভাগ। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে মামলাটি শুনানির জন্য উদ্যোগী হয় দুদক।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved