
ময়মনসিংহের গৌরীপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুই বোনসহ চারজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
রবিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রামের বৈশাখী মোড়ে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন।
নিহত ব্যক্তিরা হলেন মোসাম্মৎ কুলসুমা বেগম (৯৫), তার মেয়ে মোসাম্মৎ দিলরুবা (৪০), দিলরুবা মেয়ে রীতি আক্তার (১৪) ও প্রীতি আক্তার (৭)। কুলসুম বেগমের বাড়ি গৌরীপুরের ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর গ্রামে। দিলরুবা বেগম নগরের নাটকঘর লেনে বসবাস করতেন। সেখান থেকে ঈদ উদ্যাপন করতে তারা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
এসআই জানান, সকালে যাত্রীবাহী অটোরিকশাটি উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রাম দিয়ে যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে বৈশাখী মোড় পর্যন্ত আসতেই অটোরিকশার সঙ্গে বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান চারজন। এসময় আশপাশের লোকজন আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে চারটি মরদেহ হাসপাতালে আনা হয়। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া আহত অবস্থায় মাহি আক্তার ও শ্যামলী নামের দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved