
৫আগস্ট পর্যন্ত সংগ্রাম ছিল স্বৈরাচার পতনের। এখন সংগ্রাম দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও দেশ গড়ার বলে অভিমত ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলায় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তারেক রহমান।
‘রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শিরোনামে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটি এই কর্মশালার আয়োজন করে।
তারেক রহমান বলেন, ‘এ দেশের মানুষের রাজনৈতিক অধিকার, একইসঙ্গে মানুষের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করার সংগ্রাম শুরু হয়েছে। এই সংগ্রামকে নেতৃত্ব দিতে পারবে একমাত্র বিএনপির নেতাকর্মীরাই।’
অতীত ঘাটলে গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র ও নারীদের অধিকার বলতে যা বুঝায় তা বিএনপি নিশ্চিত করেছে বলেও উল্লেখ করেন বিএনপির এই শীর্ষ নেতা।
তারেক রহমান আরও বলেন, ‘পরীক্ষা শেষ হয়ে যায়নি, সামনে আরও পরীক্ষা আছে। এটি এমন একটি যুদ্ধ জনগণের পক্ষের যুদ্ধ। গণতন্ত্রের পক্ষের যুদ্ধ। এটি স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী হতে হয় অনবরত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।’
মুন্সীগঞ্জ প্রান্তের অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাইল জবিউল্লা, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদা বেগম, কেন্দ্রীয় কমিটির সদস্য রহিমা শিকদার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) মো. আবদুস সাত্তার পাটোয়ারী।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved