বিএনপির ১০ ডিসেম্বরের কর্মসূচি ভুয়া ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘পল্টনে মোটামুটি একটা সমাবেশ হয়েছে। ৫৪ দল একজন শেখ হাসিনার বিরুদ্ধে নেমেছে আজ। ৫৪ টি ঘোড়ার ডিম পাড়বে ৫৪টি বিরোধী রাজনৈতিক দল। তারা (বিএনপি) ভুয়া। ১০ ডিসেম্বর ও ৩০ ডিসেম্বরে বিএনপির সমাবেশ ছিল ভুয়া। বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে না আওয়ামী লীগ।’
তিনি বলেন, ‘রাষ্ট্র মেরামত করবে? আবার ক্ষমতা পেলে রাষ্ট্রকে তারা ধ্বংস করবে। এ দেশের গণতন্ত্র বাঁচবে না। তারা ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার আদর্শ বাঁচবে না। তারা ক্ষমতায় এলে গণতন্ত্রের বস্ত্রহানী ঘটবে।
কাদের আরও বলেন, ‘যারা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে; এই বিএনপির বিরুদ্ধে খেলা হবে। যারা ভোট চুরি জন্য ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার তৈরি করেছিল তাদের বিরুদ্ধে খেলা হবে। যারা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে তারা নাকি দেশকে মেরামত করবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. আব্দুসু সবুর, উপপ্রচার বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, কার্যনিবাহী সদস্য সানজিদা খানম।
এছাড়া কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেসবাহুল হক সাচ্চু, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকিও বক্তব্য রাখেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply