ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকপণ্য রপ্তানি বেড়েছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ইইউ ভুক্ত দেশগুলোতে পোশাক রপ্তানি ১৬ দশমিক ২৭ শতাংশ বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
ইপিবির তথ্য অনুযায়ী, ইউরোপীয় দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি উৎসাহব্যঞ্জক প্রবৃদ্ধি হয়েছে। গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি ৭.৮১ বিলিয়ন মার্কিন থেকে ৯.০৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়নে সবচেয়ে বড় বাজার, জার্মানিতে আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি ২.৭১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে প্রবৃদ্ধি হয়েছে ১.৮৮ শতাংশ।
বছরের আলোচ্য সময়ের মধ্যে ফ্রান্স এবং স্পেনেও রপ্তানি বেড়েছে। স্পেনে রপ্তানি হয়েছে ১৯.১৫ শতাংশ এবং ফ্রান্সে ৩৮.৮৭ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের প্রধান দেশগুলোর মধ্যে ইতালি, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস এবং সুইডেনে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৫০.৯৫ শতাংশ, ৪৮.৮৭ শতাংশ, ৩৪.৩৯ শতাংশ এবং ২২.৯০ শতাংশ । অন্যদিকে, উল্লিখিত সময়ের মধ্যে পোল্যান্ডে বছরব্যাপী রপ্তানিতে ১৯.৬১ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে।