বরিশাল অফিস: বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা, আড়িয়াল খাঁ ও কালাবদর নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট ও সুতার জাল জব্দ করে বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। এ সময় চারটি মামলায় চারজনকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১০ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা।
অভিযানকালে ইউএনও জেলেদের আগামী ২৯ অক্টোবর পর্যন্ত নদ-নদীতে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ রয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ সময় নদ-নদীতে অভিযান অব্যাহত থাকবে।